৫০ টাকার মাস্ক ২২৫৫ টাকা, দারাজকে দুই লাখ টাকা জরিমানা

১৫ মার্চ, ২০২০ ২২:৩৮  
অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় অনলাইন শপিং সাইট দারাজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে (১৫ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে দারাজের ওয়্যার হাউসে অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাদের জরিমানা করেন। অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, দারাজে বিভিন্ন বিক্রেতা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়, তারাই মাস্কের অতিরিক্ত দাম নেয়। কিন্তু দারাজ এগুলো নজরদারি করেনি। তাদের সতর্ক করা হয়েছে। দাম সহনীয় পর্যায়ে রাখতে ভবিষ্যতে তারা নজরদারি করবে। এর আগে অভিযানে দেখা যায়, দারাজে ৫০ পিসের সার্জিক্যাল মাস্কের বক্স বিক্রি হচ্ছে ২২৫৫ টাকায়। অথচ পাইকারি বাজারে এই বক্সের দাম সর্বোচ্চ ৫০ টাকা। সোমবার র‌্যাবের অভিযানে এই চিত্র ধরা পড়ে। অভিযানে ম্যাজিস্ট্রেট দেখতে পান, দারাজে অ্যান্টি পলিউশন সেফটি মাস্ক তিন পিস ৪৭০ টাকায়, অ্যান্টি ডাস্ট মাস্ক পাঁচ পিস ১২৫৫ টাকা, সাধারণ সার্জিকাল মাস্ক প্রতিটি ৪২ টাকায় বিক্রি হচ্ছে। রোববার বিকেলে বনানীতে দারাজ ডটকম ডটবিডির অফিসে অভিযান শুরু করে র‍্যাব। অভিযানটির নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।